৯ জানুয়ারি ২০১৭ - ১৪:২৭
ইসরায়েলি সেনাদের ওপর ট্রাক হামলায় নিহত ৪

জেরুজালেমে ইসরায়েলি সেনাদের ওপর গতকাল রোববার দ্রুতগতিতে ট্রাক উঠিয়ে দেওয়ার ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন।

আবনা ডেস্ক: জেরুজালেমে ইসরায়েলি সেনাদের ওপর গতকাল রোববার দ্রুতগতিতে ট্রাক উঠিয়ে দেওয়ার ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এ হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। আহত হয়েছেন আরও ১৫ জন। ঘটনাস্থলটি ভ্রমণ ও বিনোদনের স্থান হিসেবে সুপরিচিত।
ট্রাকচালক ফিলিস্তিনি যুবক ছিলেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সেনাদের গুলিতে তিনিও নিহত হয়েছেন। হামলায় নিহত ব্যক্তিদের সবার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
ইসরায়েলের শিক্ষামন্ত্রী নেফতালি বেনেত বলেন, নিহত তিন নারীই সেনা সদস্য। অন্য যুবকের সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী একজন বাসচালক ইসরায়েলি রেডিওকে বলেন, ট্রাকচালক একদল সেনা সদস্যের ওপর গাড়িটি উঠিয়ে দেন। এ সময় সেনারা ট্রাকচালককে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন চালক ট্রাকটি ঘুরিয়ে আবার সেনাদের ওপর তা চালিয়ে দেন।#